গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন হাউসের ফিল্ড কর্মী ও গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এজেন্টদের জন্য নতুন সুবিধা চালু করেছে গ্রামীণফোন নতুন ডিজিটাল স্বাস্থ্যসেবা। ‘সুখী’ ডিজিটাল হেলথকেয়ার অ্যাপের মাধ্যমে এই সেবা দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে গ্রামীণ হেলথটেক লিমিটেডের (জিএইচএল) সঙ্গে অংশীদারত্ব করেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটরটি। সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গ্রামীণফোনের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং গ্রামীণ হেলথটেকের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ফারহা নাজ জামান বলেন, ডিস্ট্রিবিউশন হাউসের ফিল্ড ফোর্স এবং জিপিসি এজেন্টরা প্রতিদিন সরাসরি গ্রাহকদের সঙ্গে কাজ করেন। ফলে তাঁদের সুস্থতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রতিষ্ঠানের কাছে গুরুত্বপূর্ণ। নতুন অংশীদারত্বের মাধ্যমে কর্মীদের জন্য প্রয়োজনের সময় সহজে মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। নতুন এই সুবিধার আওতায় সংশ্লিষ্ট কর্মী ও এজেন্টরা ‘সুখী’ অ্যাপ ব্যবহার করে বছরের ৩৬৫ দিন, ২৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিজিটাল প্রেসক্রিপশনও সংগ্রহ করা যাবে।

শুধু চিকিৎসকের পরামর্শ নয়, স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও থাকছে বিশেষ সুবিধা। ব্যবহারকারীরা স্বাস্থ্য পরীক্ষায় সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় এবং অনলাইনে ওষুধ কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ শতাংশ ছাড় পাবেন। গ্রামীণ হেলথটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আরমান সিদ্দিকী বলেন, গ্রামীণফোনের মাঠপর্যায়ের কর্মী ও জিপিসি এজেন্টদের কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত। তাঁর মতে, ‘সুখী’ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা অবস্থান নির্বিশেষে সহজে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সহায়তা নিতে পারবেন।

প্রতিষ্ঠান দুটির এই উদ্যোগের লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী করা। গ্রামীণফোনের সঙ্গে সরাসরি যুক্ত ফ্রন্টলাইন কর্মীদের স্বাস্থ্য ও কল্যাণে এই ডিজিটাল সেবা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।