BRICS কী?
BRICS নামটি প্রথমে Brazil, Russia, India, China ও South Africa —এই পাঁচ দেশের নামের আদ্যক্ষর থেকে তৈরি। ২০০৯ সালে চার দেশ—ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন—নিয়ে প্রথম BRIC সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পর নাম হয় BRICS।
পরবর্তীতে জোটটির সদস্য সংখ্যা আরও বেড়েছে।
BRICS-এর বর্তমান সদস্য দেশ
বর্তমানে BRICS-এর পূর্ণ সদস্য দেশ ১১টি :
- ব্রাজিল
- রাশিয়া
- ভারত
- চীন
- দক্ষিণ আফ্রিকা
- মিশর
- ইথিওপিয়া
- ইরান
- সংযুক্ত আরব আমিরাত
- ইন্দোনেশিয়া
- সৌদি আরব
তবে সদস্যপদ ও অংশগ্রহণের বিষয়টি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে; বিশেষ করে সম্প্রসারণের পর কয়েকটি দেশের অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে আলাদা ঘোষণা এসেছে।
BRICS-এর উদ্দেশ্য কী?
BRICS-এর প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—
- সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ।
- উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানো।
- আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় সদস্য দেশগুলোর প্রভাব বৃদ্ধি ।
- উন্নয়ন প্রকল্পে অর্থায়নের সুযোগ তৈরি করা।
- আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা।
BRICS কেন গুরুত্বপূর্ণ?
BRICS-এর সদস্য দেশগুলো সম্মিলিতভাবে বিশ্বের বড় একটি অংশের জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতিনিধিত্ব করে। চীন ও ভারতের মতো বড় অর্থনীতি, রাশিয়ার জ্বালানি সম্পদ এবং অন্যান্য সদস্য দেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক সক্ষমতা জোটটিকে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
BRICS-এর সঙ্গে New Development Bank (NDB) -এর সম্পর্কও গুরুত্বপূর্ণ। এই ব্যাংক সদস্য ও অন্যান্য উন্নয়নশীল দেশের অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্য নিয়ে কাজ করে।
BRICS কি NATO-এর মতো সামরিক জোট?
না। BRICS কোনো সামরিক জোট নয়। এটি মূলত অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম।
