ব্যাংক ঋণ হলো ব্যাংক থেকে নির্দিষ্ট শর্তে টাকা ধার নেওয়া, যা নির্ধারিত সময়ের মধ্যে মূল টাকা ও প্রযোজ্য সুদ/মুনাফাসহ পরিশোধ করতে হয়।

ঋণ নেওয়ার আগে কী জানা দরকার?

ঋণ নেওয়ার আগে শুধু কত টাকা পাওয়া যাবে তা দেখলেই হবে না। প্রথমে জানতে হবে সুদের হার কত, মাসিক কিস্তি কত হবে এবং মোট কত টাকা ফেরত দিতে হবে।

যেমন, ৫ লাখ টাকা ঋণ নেওয়ার পর সুদ, প্রসেসিং ফি বা অন্যান্য চার্জ যোগ হয়ে মোট পরিশোধের পরিমাণ ৫ লাখের চেয়ে বেশি হবে। তাই ঋণের পুরো খরচ হিসাব করা জরুরি।

এ ছাড়া দেখতে হবে—

  • ঋণের মেয়াদ কত বছর
  • মাসিক কিস্তি বা EMI কত
  • সুদের হার স্থির নাকি পরিবর্তনশীল
  • প্রসেসিং ও অন্যান্য চার্জ আছে কি না
  • আগাম ঋণ পরিশোধ করলে কোনো চার্জ দিতে হবে কি না
  • জামানত বা গ্যারান্টর প্রয়োজন কি না
  • কিস্তি দিতে দেরি হলে কী জরিমানা হবে

নিজের সক্ষমতা বুঝে ঋণ

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যতটা প্রয়োজন, তার বেশি ঋণ না নেওয়া । মাসিক আয় থেকে নিয়মিত কিস্তি দেওয়ার পর সংসার বা ব্যবসার অন্যান্য খরচ চালানো সম্ভব কি না, সেটিও আগে হিসাব করতে হবে।

ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ না করলে অতিরিক্ত চার্জের পাশাপাশি ভবিষ্যতে ঋণ পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে।

সহজ কথায়, ব্যাংক ঋণ প্রয়োজন মেটানোর একটি আর্থিক সুযোগ, কিন্তু এটি বিনামূল্যের টাকা নয়। তাই ঋণ নেওয়ার আগে সুদ, কিস্তি, চার্জ, মেয়াদ ও পরিশোধের সক্ষমতা ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।