এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় প্রথমবার অংশ নিয়েই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সভায় তাকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবারের সভায় এশিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো এসিসির সভাপতি নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন। এতদিন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পর্যায়ক্রমে সভাপতির দায়িত্ব দেওয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের খালিদ আল জারুনিকে নতুন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। পাশাপাশি ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকেও নির্বাহী বোর্ডের নতুন সদস্য নির্বাচন করা হয়েছে।
এসিসির সভাপতি মহসিন নকভি বলেন, এশিয়ার ক্রিকেট শুধু মাঠের খেলার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বিভিন্ন দেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারের সভায় নেওয়া সিদ্ধান্তগুলো এশিয়ার ক্রিকেটকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তামিম ইকবালের নতুন দায়িত্বকে এশীয় ক্রিকেটের উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশের আরও সক্রিয় অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।