১০০ মিটার দৌড়ে ৯.৩৯ সেকেন্ডে রোবট - Daily Digantor

১০০ মিটার দৌড়ে ৯.৩৯ সেকেন্ডে রোবট

উসাইন বোল্টের রেকর্ডের চেয়েও দ্রুত রোবট
—উসাইন বোল্টের রেকর্ডের চেয়েও দ্রুত রোবট

বিশ্বের দ্রুততম মানব হিসেবে পরিচিত জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের ১০০ মিটার দৌড়ের সময়কে ছাড়িয়ে গেছে চীনের একটি হিউম্যানয়েড রোবট। ‘তিয়াংগং আল্ট্রা’ নামের রোবটটি মাত্র ৯ দশমিক ৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড় সম্পন্ন করেছে।

বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস ২০২৬-এর ১০০ মিটার দৌড়ের বাছাইপর্বে এই সময় করে তিয়াংগং আল্ট্রা। রোবটটি তৈরি করেছে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার।

২০০৯ সালে জার্মানির বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্ট ১০০ মিটার দৌড়ে ৯ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে মানব ইতিহাসের দ্রুততম সময়ের রেকর্ড গড়েছিলেন। সেই হিসাবে তিয়াংগং আল্ট্রার সময় বোল্টের রেকর্ডের চেয়ে ০ দশমিক ১৯ সেকেন্ড কম।

শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বী রোবটকে পেছনে ফেলে তিয়াংগং

দৌড়ের শুরুতে তিয়াংগং আল্ট্রা পিছিয়ে ছিল। তবে শেষের দিকে গতি বাড়িয়ে ‘লাইটনিং’ নামের আরেকটি রোবটকে পেছনে ফেলে প্রথম হয় এটি। লাইটনিং তৈরি করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার।

লাইটনিংও ১০০ মিটার শেষ করে ৯ দশমিক ৪৭ সেকেন্ডে, যা বোল্টের ৯ দশমিক ৫৮ সেকেন্ডের মানব রেকর্ডের চেয়েও দ্রুত। এর আগে প্রস্তুতিমূলক পরীক্ষায় লাইটনিং ৯ দশমিক ৩২ সেকেন্ড সময়ও করেছিল।

গতি বাড়লেও নিয়ন্ত্রণে এখনো সীমাবদ্ধতা

রোবটগুলোর গতি চমকপ্রদ হলেও দৌড়ের পর নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা দেখা গেছে। ফিনিশিং লাইনে পৌঁছানোর পর মানুষের মতো ধীরে থামতে পারেনি তারা। বরং দুটিই নিরাপত্তার জন্য রাখা প্যাডে গিয়ে ধাক্কা দেয়।

তিয়াংগং আল্ট্রা দৌড় শেষে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকের পাশে ছুটে যায়। পরিস্থিতির কারণে দর্শকদেরও নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে দৌড়ের পর পড়ে যাওয়া লাইটনিং রোবটকে স্ট্রেচারে করে সরিয়ে নিতে হয়।

এক বছরে দ্বিগুণের বেশি গতি

তিয়াংগং আল্ট্রার উন্নতি সবচেয়ে স্পষ্ট হয়েছে গত বছরের ফলাফলে। ২০২৫ সালের প্রথম হিউম্যানয়েড রোবট গেমসে ১০০ মিটার দৌড়াতে রোবটটির সময় লেগেছিল ২১ দশমিক ৫০ সেকেন্ড। এক বছরের ব্যবধানে সেই সময় কমে হয়েছে ৯ দশমিক ৩৯ সেকেন্ড।

এদিকে এবারের হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছে লাইটনিং। ২১ দশমিক ১ কিলোমিটার পথ পাড়ি দিতে রোবটটির সময় লাগে ৫০ মিনিট ২৬ সেকেন্ড।

তবে রোবটের এই সময়কে মানুষের অ্যাথলেটিকসের অফিসিয়াল বিশ্ব রেকর্ড হিসেবে গণ্য করা যাবে না। কারণ রোবট ও মানুষ ভিন্ন প্রযুক্তিগত কাঠামো, নিয়ম ও প্রতিযোগিতার পরিবেশে অংশ নেয়। বরং এই ফলাফল হিউম্যানয়েড রোবটের গতি ও সক্ষমতার দ্রুত উন্নতির একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।